উন্নয়ন কাজে গণপূর্ত অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে : গণপূর্ত সচিব

নিজস্ব প্রতিবেদক:
দূর্নীতিকে প্রশ্রয় না দিতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, ঠিকাদারদের বিল দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। ভবন নির্মাণ ও উন্নয়ন কাজে গণপূর্ত অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। প্রকৌশলীরা স্বচ্ছতার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। বুধবার গণপূর্ত ভবনে গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভবন নির্মানের সময় ফায়ার ডোর রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিষয়টি প্রকল্প তৈরির সময় খেয়াল রাখতে হবে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়া।

গণপূর্ত সচিব বলেন, তৃণমুল থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সবক্ষেত্রেই গণপূর্ত অধিদপ্তর সেবা দেয়। সংস্থাটির প্রকৌশলীরা দক্ষতার সঙ্গে কাজ করে তাদের সফলতা দেখিয়েছে। গণপূর্তের সক্ষমতা থাকার পরও জেলা পর্যায়ে আমরা পর্যাপ্ত কাজ দিতে পারছি না। প্রকল্প প্রণয়নে সক্রিয় হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পরিকল্পনা কমিশনে কোন প্রকল্প আটকে থাকলে যেন তাকে জানানো হয় তাহলে তিনি দ্রুত ছাড় করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।