এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপি জোটের নির্বাচিতরা

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। একই সঙ্গে বিএনপি জোটের গণ অধিকার পরিষদ ও গণ সংহতি আন্দোলনের দুইজন স্বতন্ত্র ৭ এমপিও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। শপথ গ্রহণ শেষে বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যের শপথপত্রে সই করেন। এরপর বিএনপির সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। তিনি জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে, সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে, কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। একই ভাবে রুমিন ফারহানাসহ স্বতন্ত্র অন্য এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জামায়াতে ইসলামীর সঙ্গে শপথ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় তিনি সেখান থেকে চলে যান।

তবে এনসিপির মনোনয়নে নির্বাচিত সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ নেন। তাদের সঙ্গে একই ১১ দলীয় জোটে থাকা জামায়াতসহ অন্য শরিকরাও দুটি শপথই পাঠ করেন।
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা:

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। শপথ নেয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর বিএনপি সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।