জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক:
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দি বাংলাদেশ হুইপস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হইপ ও ৬ হুইপ নিযুক্ত করেছেন।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়ার পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চিফ হুইপ ও হুইপদের শপথ গ্রহণ করতে হয় না। চিফ হুইপ মন্ত্রী পদমার্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রী পদমর্যাদা পেয়ে থাকেন। তবে বিরোধী দলীয় চিফ হুইপ এর কোন পদমর্যাদা না থাকলেও সংসদ ভবনে তার জন্য অফিস কক্ষ ও স্টাফ রয়েছে।