হাফিজ উদ্দিন আহমদ স্পিকার, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত: শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তারা এ দায়িত্ব পান।

পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পান বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। মেজর হাফিজ এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করলে প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। সংসদে প্রস্তাব উত্থাপন করা হলে হ্যাঁ জয়যুক্ত হয়।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসন থেকে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন (৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১৩তম সংসদ)। ১৯৯১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত হন এবং ১৯৯২ সালে বিএনপিতে যোগদান করেন।

তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির মন্ত্রীসভায় ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।