তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক

সংসদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন) রোববার শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হওয়া এ অধিবেশনে শুরুতে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হওয়ার পর মৃতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে সম্মান জানানো হয়। পরে মোনাজাত পরিচালনা করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়। তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন ছাড়াও আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল-সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।