ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে কোল্যাব এর বার্ষিক মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে ইপিএস এর মাধ্যমে অধিক সংখ্যক কর্মী দক্ষিণ কোরিয়ায় পাঠাতে করণীয় বিষয়ে আলোচনা করার লক্ষ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এসোসিয়েশন ইন বাংলাদেশ (কোল্যাব) – এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ দ্য ফরেস্ট লাউঞ্জ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এইচআরডি কোরিয়া, ইপিএস সেন্টার ইন বাংলাদেশ এর সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মোতালিব। কোল্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল্যাব এর উপদেষ্টা ইসলাম হোসেন ও মোরশেদ আলম প্রিন্স।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষ জনশক্তি তৈরি, বৈধ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে করণীয় বিষয়ের্ আলোচনা করা হয়। কোল্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দক্ষ জনশক্তি বিনিময় আরও জোরদার করবে এবং ইপিএস মাধ্যমে অধিকসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।।







