বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত
সংসদ প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন) রোববার শুরু হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হওয়া এ অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনে শুরুতে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ মন্ত্রী-এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আলোচিত রামিসা হত্যা মামলার নজিরবিহীন দ্রুত বিচার নিয়ে সরকারের বক্তব্য এবং সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এক মন্ত্রীকে স্পিকারের প্রকাশ্য সতর্ক করার ঘটনা অধিবেশনকে তাৎপর্যপূর্ণ করে তোলে।
অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হওয়ার পর মৃতদের স্মরণে এক মিনিট দাড়িয়ে সম্মান জানানো হয়। পরে মোনাজাত পরিচালনা করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়। তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন ছাড়াও আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সাবেক সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল-সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।
অধিবেশনের শুরুতে চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন স্পিকার। তাঁরা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তী সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এর আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন বসবে। প্রয়োজনে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা চার দিন সকাল ও বিকালে দুই দফায় বৈঠক আয়োজনেরও প্রস্তাব করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।






