শিবপুরকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে এমপি মনজুর এলাহীর বহুমুখী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছেন। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরিফ-উল-ইসলাম মৃধা হাঁস প্রতীকে পান ৪৫ হাজার ৬৮২ ভোট। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর শিবপুরের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন মঞ্জুর এলাহী। নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালেও তিনি বারবার বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কাজ করবেন এবং অবহেলিত এলাকার সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এমপি। এলাকার কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নিয়েছেন তিনি।

মনজুর এলাহী বলেছেন, শিবপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি মনে করেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও শিল্প-বিনিয়োগ বৃদ্ধি পেলে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন শিবপুর। রাজধানীর নিকটবর্তী হওয়ায় এখানে শিল্পায়ন ও নগরায়নের সম্ভাবনা রয়েছে। ফলে সড়ক, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এদিকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন তিনি। স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে শিবপুরে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে। আর সেই লক্ষ্যেই উন্নয়নের নানা কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।